July 9, 2026, 3:56 pm

বারিতে গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, December 8, 2023
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৩’র উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৩ সনে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৩-২০২৪ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৫২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৪০টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,২৯২টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালার কারিগরি অধিবেশনসমূহ আগামী ১০-১২ ডিসেম্বর হতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বারির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর