স্পোর্টস ডেস্ক :: চট্টগ্রামের মাঠে আবারও জমে উঠছে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তেজনা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। ফলে আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে লিটন দাসের দলের সামনে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচ শুরুর আগেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। মঙ্গলবার থেকেই চট্টগ্রামে টানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। আকাশ মেঘে ঢেকে থাকায় মাঠ ও পরিবেশ দুটোই এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বৃষ্টির কারণে ইতোমধ্যেই দুই দলের পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়রা হোটেলেই সময় কাটিয়েছেন, কেউ হালকা জিম সেশন, আবার কেউ ইনডোর প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন। জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে চলাফেরাও ছিল সীমিত।
বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে না চায় স্বাগতিকরা। ধারণা করা হচ্ছে, আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকতে পারে। তবে পেস বিভাগে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্পিন আক্রমণে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে শেখ মেহেদী হাসানের ওপর বাড়তি দায়িত্ব থাকতে পারে মিডল ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য।
পরিসংখ্যান বলছে, টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ১৫টি ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৫টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে বর্তমান সিরিজে কিউইরা তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ দল নিয়ে সফরে এসেছে, যা স্বাগতিকদের জন্য বাড়তি সুযোগ তৈরি করেছে।
টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান স্পষ্ট—বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ড রয়েছে ২৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে। তবে হোম কন্ডিশন ও স্পিন সহায়ক উইকেট বাংলাদেশের জন্য বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে সিরিজ জয়ের হাতছানি, অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ড। এখন দেখার বিষয়, আবহাওয়ার বাধা পেরিয়ে মাঠে গড়ায় কি এই গুরুত্বপূর্ণ ম্যাচ।