বিজয়বাংলাটিভি ডেস্ক :: চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির নতুন দুয়ার খুলেছে। দেশটির কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বুধবার (২৯ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি) এ-সংক্রান্ত অনুমোদন জারি করে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও বিধিমালা অনুসরণ এবং চীনের নির্ধারিত আমদানি শর্ত পূরণ সাপেক্ষে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি কার্যকর করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কাঁচা আম আমদানি শুরু করে চীন। সে সময়ই দেশটি বাংলাদেশি কাঁঠাল ও পেয়ারাসহ আরও কয়েকটি ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছিল।
বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন শীর্ষে রয়েছে। বর্তমানে দেশটি তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে আমদানির মাধ্যমে পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী অন্যতম প্রধান দেশ হলেও আন্তর্জাতিক বাজারে এ ফলের রপ্তানিতে দেশের অংশগ্রহণ এখনো তুলনামূলকভাবে সীমিত।