নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল-জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ। এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান । আজ সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) কর্মসূচির আওতায় বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সৎ ও নিষ্ঠাবান হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বিশ্বে আজ বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট পরিবারসহ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়। অনুষ্ঠানে ৩৫টি বাইসাইকেল ও ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বক্তব্য রাখেন।