জামালপুর প্রতিনিধি:: জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুলাল নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১ টার দিকে এ অভিযান চালানো হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে গুদাম থেকে ৭২ বস্তা অনুমোদনহীন সার জব্দ করা হয়। অভিযানে ব্যবসায়ীর কোনো বৈধ সার বিক্রয় বা মজুদের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
বকশীগঞ্জের (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। লাইসেন্স ছাড়া সার মজুদ, পরিবহন বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।