স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে অনুষ্ঠিত পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে শোকজও করা হয়েছে।
প্রত্যাহার হওয়া খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে প্রত্যাহার করে জিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে ১১ দলীয় জোটের একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই সভায় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন।
পথসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে দায়িত্ব পালন করেন। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। এতে লংমার্চের গন্তব্য ও দাবিগুলো তুলে ধরা হয়।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপি ও ছাত্রদলের অনেক নেতাকর্মী পোস্টটির বিষয়ে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পরিস্থিতির মধ্যে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটি প্রথমে সংশোধন করা হয়। পরে সেটি পুরোপুরি মুছে ফেলা হয়। এরপরই পোস্টটি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার এবং শোকজ করা হয়।
জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।