August 9, 2026, 9:00 pm

ফুটওভারব্রিজ নির্মাণ ও স্পিডব্রেকারের ঘোষণা টঙ্গীতে সাড়ে ৩ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Sunday, August 9, 2026
  • 9 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে রোববার বেলা আড়াইটার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে। জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাদ্রাসা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সমাবেশে ফুটওভারব্রিজ নির্মাণ, ক্ষতিপূরণ, স্পিডব্রেকার স্থাপন ও নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে সকাল ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং হাজারো যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কভার ভ্যানের ধাক্কায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করে তারা দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান।
মাদ্রাসা ক্যাম্পাসে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মুহাম্মদ নূরুল করীম ভূঁইয়া বলেন, ফুটওভারব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য আজই একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ ও দুইজন শিক্ষার্থী প্রতিনিধিকেও রাখা হবে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় আবেদন সম্পন্ন হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট তহবিল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী মঙ্গলবার সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করা হবে। তিনি জানান, সোমবারই গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়ে দ্রুততম সময়ে নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদ্রাসার উভয় পাশে স্পিডব্রেকার নির্মাণ করা হবে।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে এবং দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণেও পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তিনি নিরাপদ পারাপার নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উভয় পাশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিযুক্ত করার ঘোষণা দেন।
সিটি প্রশাসক বিআরটি প্রকল্পের তীব্র সমালোচনা করে বলেন, এটি একটি অপরিকল্পিত প্রকল্প এবং বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একটি জলন্ত দৃষ্টান্ত। প্রশাসনের এসব আশ্বাসের পর শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর