স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় পূবাইল থানার খিলগাঁও যোগীপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে ঈশা আক্তার (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঈশা পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের সোড়ল এলাকার জুয়েল মিয়ার মেয়ে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল এবং তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
একই দিন সন্ধ্যায় পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের মারুকা এলাকায় মরিয়ম আক্তার প্রিয়া (১৯) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মারুকা এলাকার শাহাজাহানের মেয়ে এবং জিহাদের স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে অভিমানের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছেন।
দুই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মৃত্যুর ঘটনায় পৃথকভাবে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ওসি বলেন,আমরা মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া প্রতিটি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।