August 3, 2026, 9:48 pm

পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত

Reporter Name
  • আপডেট Monday, August 3, 2026
  • 18 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক:: পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। এবারের বিক্ষোভের কেন্দ্রবিন্দু দেশটির ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) অধীনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এনে গত ২৯ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লির পাশাপাশি পুরো ভারতজুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডে নতুন করে বিক্ষোভ শুরু হলো।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই আন্দোলন চালাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুটি কমিশনের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও কারচুপি চলছে। এর ফলে রাজ্যের লাখ লাখ তরুণ-তরুণীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা যায়, জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর ব্যাপক কারচুপির অভিযোগ উঠলে মূল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিতর্ক তীব্র আকার ধারণ করায় রাজ্য সরকার এই মামলার তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেয়। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই জেপিএসসির চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। তবে রাঁচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি তদন্তের পুরো প্রক্রিয়াটি সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাতে ন্যস্ত করতে হবে।
চলমান এই বিক্ষোভে সাধারণ পরীক্ষার্থীদের পাশাপাশি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থিত ছাত্র সংগঠন এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) সমর্থিত ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিচ্ছেন। গত রোববার বিক্ষোভস্থলে এসে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো আমরণ অনশনের ঘোষণা দেন। উল্লেখ্য, তিনি গত লোকসভা নির্বাচনে রাঁচি আসন থেকে জেএলকেএম-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর