স্টাফ রিপোর্টার, গাজীপুর:: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সদর, শ্রীপুর ও মহানগরের বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
বুধবার বিকেলে জয়দেবপুর রাজবাড়ী এলাকায় সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ আলী রুশদী, ডক্টর শহীদুজ্জামান, বিপি জয়নাল আবদীন তালুকদার, হাসান আজমল ভূঁইয়া, হান্নান মিয়া হান্নু, রোহানুজ্জামান শুক্কুরসহ নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নানাইয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
প্রহলাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার তাজ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন সবুজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জিএস সোহেল রানা, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন মোল্লা, রফিকুল ইসলাম রাজু ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আসিফ আকবরসহ নেতাকর্মীরা।
এদিকে সদর উপজেলার বাগেরবাজার এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবির মোনায়েমের নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন।
অপরদিকে বুধবার সকাল ১০টার দিকে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।