স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নাশকতা মামলায় গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শামসুল হুদা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হলে তিনি জামিন আবেদন করেন। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের মৃত শুক্কুর আলী মাস্টারের ছেলে শামসুল হুদা লিটন। তিনি দৈনিক ইনকিলাবের কাপাসিয়া উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত।
তিনি অনেক বছর ধরে কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত ৫ অক্টোবর রাতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর পূর্বপাড়া ঈদগাহ মাঠের সামনে সরকারবিরোধী নাশকতা মূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে মো. হাদিউল ইসলাম বাদলকে (৪৯) কিছু বইসহ গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জামায়াতে ইসলামের রোকন হিসেবে পরিচয় দেন। পরের দিন কাপাসিয়া থানার এসআই মিঠুন বৈদ্য বাদী হয়ে হাদিউল ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে আরও জিজ্ঞাসাবাদে ওইদিন ঘটনার সঙ্গে শামসুল হুদা লিটনও উপস্থিত ছিলেন বলে গ্রেপ্তার আসামি জবানবন্দি দিয়েছেন বলে দাবি করে পুলিশ। পরে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সাংবাদিক শামসুল হুদা লিটনের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাপাসিয়া প্রেসক্লাব, গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদ, শ্রীপুর প্রেসক্লাব, কালিয়াকৈর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক শামসুল হুদা লিটনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।