নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগের জন্য ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, ১ নম্বর ওয়ার্ডে ১২ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নাসিক সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ২৭টি ওয়ার্ডের জন্য হ্যান্ড স্প্রে মেশিন, হ্যান্ড মাইক ও মশক নিধন কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ৩ নম্বর ওয়ার্ডে সংক্রমণের হার বেশি হলেও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। একইসঙ্গে ৭ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডেও কোনো রোগী পাওয়া যায়নি।
রোগী শূন্য রাখতে সক্ষম হওয়ায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১৫ জন মশক নিধন কর্মীকে ১ হাজার টাকা করে এবং পরিচ্ছন্নতা পরিদর্শককে (সুপারভাইজার) ২ হাজার টাকা বিশেষ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এর পাশাপাশি ১ নম্বর, ৮ নম্বর, ৯ নম্বর, ২৫ নম্বর ও ২৭ নম্বর ওয়ার্ডে রোগী শনাক্তের তথ্য উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ওয়ার্ড সচিব, সুপারভাইজার ও মশক নিধন কর্মীদের ওপর বড় দায়িত্ব দেওয়া হয়েছে। কাজের সঠিক মূল্যায়নের ভিত্তিতে আগামীতে সবাইকে পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, মেডিক্যাল অফিসার ডা. মোস্তফা আলীসহ ২৭টি ওয়ার্ডের সচিব, সুপারভাইজার ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।