নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে একটি কালো রঙের বড় ছুরি, একটি স্টিলের ধারালো চাকু এবং তিনটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর দৈর্ঘ্য ৯ থেকে ১৪ ইঞ্চির মধ্যে।
পাশাপাশি, একই রাতে পৃথক অভিযানে এসআই মো. বজলুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেন। এ ছাড়া সাজা সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। মহাসড়কের ওপর ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। অন্যান্য মামলার আরো তিনজনসহ ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’