নাটোর প্রতিনিধি :: নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ অনলাইন প্রতারণায় জড়িত একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াই ২টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) ও সাব্বির হোসেন (২৩), ভাঙ্গাপাড়া এলাকার মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের শুকুর আলী (৫০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের আলামিন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার একটি দল মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার বাড়ির পূর্ব দুয়ারী টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় হ্যাকিং ও অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা বিভিন্ন মোবাইল নম্বর ও সিম ব্যবহার করে প্রতারণার জাল বিস্তার করতেন। জব্দ করা মোবাইল ফোন ও সিম কার্ড থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া আলামত যাচাই-বাছাই করে আরও জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে। অনলাইনে অপরিচিত লিংক বা কল এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।