September 25, 2026, 1:10 am

নাগরিক সেবায় অটোমেশন সফটওয়্যার চালু করলো গাজীপুর সিটি কর্পোরেশন

Reporter Name
  • আপডেট Thursday, September 24, 2026
  • 29 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা অনলাইনভিত্তিক ও আরও সহজ, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত করার লক্ষ্যে অটোমেশন সফটওয়্যারের চালু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ভার্চুয়ালি সফটওয়্যারটির আনুষ্ঠানিক সফট লঞ্চ করেন। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। নতুন এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের আবেদন, প্রয়োজনীয় তথ্য প্রদান, ফি পরিশোধ এবং সংশ্লিষ্ট সেবা গ্রহণের সুযোগ পাবেন। ফলে সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, নাগরিকরা যাতে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের সেবা ঘরে বসেই সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। শুধু রাজস্ব সেবা নয়, পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের অন্যান্য নাগরিক সেবাকেও অনলাইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এতে নাগরিকদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে। একই সঙ্গে সিটি কর্পোরেশন ও নাগরিক উভয়েই উপকৃত হবেন।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থায় আজকের উদ্যোগ একটি নতুন দিগন্তের সূচনা। ডিজিটাল সেবার বিষয়ে নগরবাসীকে অবহিত করতে সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। রাজস্ব আয় বাড়াতে সঠিক হোল্ডিং ম্যাপিং, তথ্যভিত্তিক রাজস্ব ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবায়নের ক্ষেত্রে যেসব লজিস্টিক ও কারিগরি সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সকে অটোমেশনের আওতায় আনা হলেও ভবিষ্যতে সিটি কর্পোরেশনের অন্যান্য নাগরিক সেবাকেও একই ধরনের ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার লক্ষ্য রয়েছে। প্রয়োজন অনুযায়ী মোবাইল অ্যাপ চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ উদ্যোগ সফল করতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের পানির বিল ‘একপে’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে সংগ্রহের কার্যক্রম পাইলটিং আকারে চালু হয়েছে। অনলাইনে সংগৃহীত সেবার ফি ও বিল সিটি কর্পোরেশনের অনুমোদিত ব্যাংক হিসাবে নিয়মিত জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেকসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট কারিগরি দলের সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর