August 7, 2026, 8:43 pm

নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: ছাত্র জমিয়ত

Reporter Name
  • আপডেট Friday, August 7, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী। আজ শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিদওয়ান মাযহারী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিলেন, আজ তাদেরই কেউ কেউ বিভাজনের রাজনীতি করছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করা হচ্ছে, যার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা যারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আজ তারাই যদি বিভক্তির রাজনীতি করি, তাহলে সেই আন্দোলনের চেতনা প্রশ্নবিদ্ধ হবে। নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ক্যাম্পাসকে অশান্ত করার কোনো সুযোগ দেওয়া যাবে না।
ছাত্র জমিয়ত সভাপতি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ছাত্রদল ও ছাত্রশিবিরের কেউ কেউ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা অতীতে ছাত্রলীগের ভূমিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ই ক্যাম্পাসে দখলদারত্ব, সন্ত্রাস কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করার লাইসেন্স হতে পারে না।
তিনি বলেন, ছাত্রলীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে লড়াই করেছি। আজ সেই একই ধরনের আধিপত্যবাদী আচরণ যদি অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আসে, ছাত্র জমিয়ত তারও বিরোধিতা করবে। ব্যক্তি, সংগঠন কিংবা দল পরিবর্তন হলেই আধিপত্যবাদী রাজনীতি গ্রহণযোগ্য হয়ে যায় না।
রিদওয়ান মাযহারী ছাত্রসংগঠনগুলোর প্রতি নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সব ছাত্রসংগঠনের দায়িত্ব। এ জন্য ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে পারস্পরিক সংঘাত পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতির অবসান। তাই নতুন বাংলাদেশে পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বায়তুল মোকাররম ও পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন- জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল গাজী, প্রশিক্ষণ সম্পাদক শামসুল আরেফিন, ভার্সিটি সম্পাদক তাকি মাহমুদ, নির্বাহী সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া ঢাকা মহানগর ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর