নিজস্ব প্রতিবেদক:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার-লাইব্রেরি ‘যৌবনের গান’ এ ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে আয়োজিত অনুষ্ঠানে কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং তিনি বাঙালির অনুপ্রেরণার অন্যতম উৎস। তাঁর সাহিত্য ও কর্ম বিশ্বদরবারে বাংলাদেশকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। নজরুলের সাহিত্য ও দর্শনের প্রচার-প্রসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে, যেখানে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, ‘নজরুল কর্নার’-এর মাধ্যমে শিক্ষার্থীরা কবি নজরুলের সাহিত্যকর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। তবে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় এখানে বইয়ের সংখ্যা এবং একই শিরোনামের একাধিক কপি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী, সহকারী পরিচালক মো. ফখরুল আলম, অনুষ্ঠান সংগঠক মো. আব্দুস সালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. পারভীন আক্তার জেমী, বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহবুব হোসেন, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, প্রফেসর ড. মার্জিয়া আক্তার, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. কল্পনা হেনা রুমি, সহকারী অধ্যাপক তানিয়া আক্তার, প্রভাষক জুয়েনা জাহান এ্যানিসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার-লাইব্রেরিতে কবি কাজী নজরুল ইসলামের রচিত ১০০টি বই সংযোজন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ বই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট উপহার হিসেবে দিয়েছে। অবশিষ্ট বই বিভাগ নিজস্ব উদ্যোগে সংগ্রহ করেছে।