নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। আজ সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে মডেল থানার এসআই কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৭৭৭২) তল্লাশি চালান।
এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকটি পোটলায় মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজনকে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, ডিউটিরত অবস্থায় দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহ হলে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি চালায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা ১৮ কেজি গাঁজা উদ্ধার করে একজনকে গ্রেফতারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জামির হোসেন জনি, পিতা—মৃত মজিবুর রহমান, গ্রাম—তোল্লাবাখন নগর, মুরাদনগর, কুমিল্লা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।