May 27, 2026, 4:22 am

ত্রিদেশীয় সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

দৈনিক বিজয়বাংলা ডেস্ক ::
  • আপডেট Saturday, May 13, 2023
  • 292 জন দেখেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্যঃসমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে সোমবার এক সংবাদ সম্মেলন করবেন। আজ শনিবার (১৩ মে) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এই তথ্য জানান। তিনি জানান, ‘সোমবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৫ এপ্রিল টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। শেখ হাসিনা তাঁর জাপানি সমকক্ষ ফুমিও কিসিদার আমন্ত্রণে জাপান সফরে গিয়েছিলেন। টোকিওতে অবস্থানকালীন শেখ হাসিনা এবং তাঁর জাপানি সমকক্ষ কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, কাস্টমস বিষয়, মেধা সম্পদ, প্রতিরক্ষা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা ইত্যাদি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা ও টোকিওর মধ্যে স্বাক্ষরিত আটটি চুক্তিনামা বিনিময় প্রত্যক্ষ করেন, যার বেশির ভাগই সমঝোতা স্মারক।

শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁর জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিকের কাছে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তরের পাশাপাশি একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন এবং একটি কমিউনিটি সংবর্ধনায়ও যোগ দেন  প্রধানমন্ত্রী। তিনি একই সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির পাশাপাশি জাইকা, জেইটিআরও, জেইবিআইসি, জেবিপিএফএল এবং জেবিসিসিসিইসি-এর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি অতিরিক্ত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। 

সফরের তৃতীয় ধাপে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানি হিসেবে চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগদান করেন প্রধানমন্ত্রী। লন্ডনে শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার স্ত্রী সুসানা স্পার্কস লন্ডনের ক্লারিজ হোটেলে অবস্থানস্থলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানি জেসুন পেমার সঙ্গে বৈঠক করেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ডও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সফর শেষ করে শেখ হাসিনা গত ৯ মে দেশে ফিরে আসেন। সূত্র : বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর