বিনোদন প্রতিবেদক :: তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিকের নতুন চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। নব্বই দশকের সত্য প্রেমের একটি গল্প নিয়ে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এরই মধ্যে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। আগামী ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে বলে জানান এর নির্মাতা।
‘ইতি চিত্রা’র মুক্তি উপলক্ষে সোমবার রাতে রাজধানীর এক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে সিনেমার ট্রেলার ও গান প্রকাশ করে মুক্তির ঘোষণা দেন প্রযোজক ও প্রযোজক নেতা শামসুল আলম। এ সময় বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বাংলাদেশ চলচ্চিত্র সম্মিলিত ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনসহ সিনেমার কলাকুশলীরা।
নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন ‘ইতি চিত্রা’ পরিবার পরিজন নিয়ে দেখার মতো মিষ্টি প্রেমের চলচ্চিত্র। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করার। গল্পের প্রয়োজনে নতুন মুখ নিয়ে কাজ করেছি আমি। টিজার, ট্রেলার প্রকাশ করার পর থেকে সবাই আবহ সংগীত, সিনেমাটোগ্রাফি, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় পছন্দ করছেন।
মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন লোকেশনে এই চলচ্চিত্রের আউটডোর শুটিং করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু। এ ছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা, কামাল খান।