November 23, 2026, 7:06 pm

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পথচলা

Reporter Name
  • আপডেট Monday, November 23, 2026
  • 23 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণায় ভরা এক অনন্য সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর গ্র্যান্ড ট্রিবিউট নাইট। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির শেষ ছয়টি পর্ব। এর মধ্য দিয়েই পর্দা নামবে তুমুল জনপ্রিয় এই সিরিজের। দীর্ঘ ১৭ মাস ধরে দর্শকদের ভালোবাসায় সিক্ত দেশের জনপ্রিয় এই ওয়েব সিরিজটির সমাপ্তি উপলক্ষে ‘বিপি৫ গ্র্যান্ড ফিনালে’ শিরোনামে রোববার (২২ নভেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে জাঁকজমকপূর্ণ ও ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গ। একটি সফল সিরিজ কেবল পর্দার সামনের অভিনয়শিল্পীদের দিয়ে তৈরি হয় না। এর পেছনে থাকে ক্যামেরার আড়ালে থাকা অসংখ্য মানুষের নির্ঘুম রাত ও অক্লান্ত পরিশ্রম। নেপথ্যের এসব কারিগর ও অভিনয়শিল্পীদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি জানাতেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানের মূল পর্বে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর সব অভিনয়শিল্পী ও ব্যাকস্টেজ ক্রুদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি পেয়ে পুরো টিমের মধ্যে তৈরি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
আনুষ্ঠানিক সম্মাননার পাশাপাশি সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে ওঠে একটি প্যানেল আলোচনায়। পরিচালক কাজল আরেফিন অমি এবং সিরিজের প্রধান অভিনয়শিল্পীরা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন শুটিংয়ের মজার ঘটনা, নানা চ্যালেঞ্জ ও দীর্ঘদিনের পথচলায় গড়ে ওঠা সম্পর্কের অজানা গল্প।
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বিপি৫ সিজন পাস হোল্ডারদের জন্য আয়োজিত বিশেষ পর্ব। অনুষ্ঠানে উপস্থিত সিজন পাস হোল্ডারদের জন্য আয়োজন করা হয় এক্সক্লুসিভ র‍্যাফেল ড্র। এর মাধ্যমে তারা সিরিজের পছন্দের অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি হাত মেলানো ও কুশল বিনিময়ের সুযোগ পান। এ ছাড়া র‍্যাফেল ড্রতে বিজয়ী ভাগ্যবান ভক্তদের হাতে ব্যাচেলর পয়েন্টের তারকাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। এতে ভক্তদের জন্য বিদায়ী মুহূর্তটি আরও স্মরণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘আমাদের অভিনয়শিল্পীরা যেমন নিজেদের সবটুকু দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন, তেমনি ক্যামেরা, লাইট, সাউন্ড থেকে শুরু করে মেকআপ—পর্দার আড়ালের মানুষগুলোর দিন-রাতের পরিশ্রমেই আজকের এই ব্যাচেলর পয়েন্ট। দর্শকরা পর্দার সামনের মানুষগুলোকে চেনেন, কিন্তু পেছনের কারিগররা সবসময় আড়ালেই থেকে যান। বঙ্গ যেভাবে আমাদের কাস্ট এবং ক্রু—পুরো পরিবারকে একসঙ্গে সম্মান জানাল, তা একজন নির্মাতা হিসেবে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’
বঙ্গের ডিরেক্টর ও সিরিজটির প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা চেয়েছিলাম সিজন ৫-এর বিদায়টা যেন শুধু পর্দায় শেষ না হয়ে যায়, বরং যারা এই ইতিহাস গড়েছেন তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে উদযাপন করা হয়। একইসঙ্গে আমাদের সিজন পাস হোল্ডার ও প্রি-বুক করা দর্শকদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের এই পরিবারের অংশ করতে পেরে সন্ধ্যাটি আরও সার্থক হয়েছে।’ সিরিজের শেষ পর্বগুলো মুক্তির ঠিক আগমুহূর্তে ২২ নভেম্বরের এই ট্রিবিউট নাইট পুরো টিম ও ভক্তদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রইল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর