ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণদের প্রযুক্তি দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও সানজিদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জ সমন্বয়ক সাকিবুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “প্রযুক্তি ব্যবহারের দক্ষতা তরুণদের জন্য বড় সম্পদ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান গড়ে তুললে শুধু ব্যক্তি নয়, সমাজ ও দেশও উপকৃত হবে।” অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। ওয়াইপিএজি (YPAG) ঈশ্বরগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠান শেষে দু’জন যুবককে সহজ কিস্তিতে ৬০ হাজার করে মোট এক লাখ বিশ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।