স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট। বুধবার (৩০ সেপ্টেম্বর)সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে এ অভিযানের উদ্বোধন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম দিন রেড ক্রিসেন্টের প্রায় ২০ জন যুব স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না, এর আগে মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, অফিস-আদালত ও আশপাশের কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা আরও বাড়বে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একটি দিনের কর্মসূচি নয়,এটি নিয়মিত সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে। রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বলেন, দুর্যোগ ও জনস্বাস্থ্যঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধেও যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল চিহ্নিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তারা মানুষের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার বার্তা পৌঁছে দিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্টসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পরিচ্ছন্নতা অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে ধন্যবাদ জানান এ এম আশরাফ হোসেন টুলু। তিনি বলেন, সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ গাজীপুর গড়ে তোলা সম্ভব।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া একজন অসহায় পঙ্গু নারীর খোঁজখবর নেন। তার জীবিকা নির্বাহের বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ছোট একটি ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উদ্যোগে সহযোগিতা করেন। একই সঙ্গে তার ব্যবসা কেমন চলছে, নিয়মিত আয় হচ্ছে কি না-এসব বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।
রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রম পরিচালনা করেন। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে।