মুর্শিকুল আলম, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের এরশাদ নগর ও কুনিয়া তারগাছ এলাকায় নির্মানাধীন ভবনে জমে থাকা পানিতে মশার বসবাসের পরিবেশ থাকায় দুই ভবন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে ডেঙ্গু মহামারী রোধকল্পে ওই অভিযানটি পরিচালনা করেছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্নার রহমান জ্যোতি।
ম্যাজিস্ট্রেট তামান্নার রহমান জ্যোতি বলেন, নির্মাণ চলাকালীন সময় ভবনের কিউরিং , ছাদ ঢালাইসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়। বাসা বাড়ির আশেপাশে পানি জমে যেন ডেঙ্গু বিস্তারের কারণ না হয় সে ব্যাপারে এলাকাব সচেতন করা হয়। অভিযানকালে ভবনে পানি জমে থাকার কারণে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুটি মামলা দায়ের করা হয়। এতে দুই ভবন মালিককে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাদের মধ্যে স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার চিরচন্দ্র পোদ্দারের ছেলে শচীনচন্দ্র পোদ্দারকে ৫ হাজার টাকা এবং এরশাদনগর এলাকার ফয়জুর রহমানের ছেলে আনিসুর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীকে এডিস মশা ও ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করা হয়।