স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পুলিশ সদস্য ও কথিত এক সাংবাদিককে গেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাঁদের গেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ ও কথিত সাংবাদিক কামরুজ্জামান টিটু।
পুলিশ জানায়, পুলিশ সদস্য আজাদ এর আগেও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। এ কারণে দুই বছর আগে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। আর মাইটিভির সাংবাদিক পরিচয়ধারী কামরুজ্জামান টিটু টঙ্গীর মদিনাপাড়া এলাকার বাসিন্দা।
গত সোমবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তাঁর ভাতিজা আবিরকে ডিবি লেখা একটি মাইক্রোবাস থেকে সাত-আটজন নেমে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা ডাকচিৎকার শুরু করলে সুমনের কাছে থাকা ব্যাগে ভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সুমন টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বুধবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।