স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনায় টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও যাত্রীরা। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদরাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় তারা সড়ক অবরোধ করে রেখেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে গাজীপুরা বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় মাদরাসাটির ৯ম শ্রেণির ছাত্র ইয়াসিন গাড়িচাপায় নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থল এলাকায় মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মাদরাসার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন গাড়িচালকসহ যাত্রীরা। এ অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪ দাবি জানিয়েছেন।
তাদের দাবিগুলো হলো–এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে, আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা যাবে না এবং এর কার্যকর ও স্থায়ী সমাধান দাবি করেন তারা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মহাসড়ক এখনো বন্ধ আছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।’