স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার (২০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১টা থেকে আড়াইটার মধ্যে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সন্ধ্যায় ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ শ্রাবন্তি আক্তার নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার শ্রাবন্তি আক্তারের বাড়ি নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদী এলাকায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।