স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মৃত আবুল কালাম (২২) জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গ্রেফতার পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম পিপাশাকে প্রথম স্বামীর কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোর করে নিয়ে এসে বিয়ে করেন। বিয়ের পর জীবিকার তাগিদে সপরিবারে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এক পর্যায়ে পিপাশা তার স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ পিপাশাকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।