May 31, 2026, 12:18 am

টঙ্গীতে শ্রমিক নেতা শহীদুল খুন : ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, July 10, 2023
  • 123 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুরে পোশাক শ্রমিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় অপর এক সংগঠনের দুই শ্রমিক নেতাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপ-কমিশনার মাহবুব উজ জামান এ তথ্য জানিয়েছেন।  

গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ জেলা সদর থানার পাড়াইল বাজার এলাকার হাই মণ্ডলের ছেলে মাজহারুল ইসলাম (৩৫), নরসিংদীর মাধবদী উপজেলার রায়নাদি জুগিরটেক গ্রামের আব্দুল আজিজের ছেলে রাসেল মণ্ডল (৩২) ও গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার গুটিয়া এলাকার মৃত আলতাব আলীর ছেলে ম্যানেজার হানিফ ওরফে হানিফ (৫০)। এদের মধ্যে মাজহারুল বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়নের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক এবং রাসেল একই সংগঠনের কর্মী।

নিহত শহীদুল ইসলাম (৪৫) বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি এবং গাজীপুরের শ্রীপুর থানার রাজাবাড়ি এলাকার আজগর আলীর ছেলে।  

জিএমপি’র উপ-কমিশনার মাহবুব উজ জামান জানান, ঈদের আগে গত ২৫ জুন ঈদ বোনাস ও বকেয়া বেতন ভাতা নিয়ে মহানগরীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ চলছিল। শ্রমিক নেতা শহীদুল সন্ধ্যায় মোস্তফা, শরীফ ও আক্কাসসহ কয়েক সঙ্গীকে নিয়ে ওই কারখানায় যান। তারা কারখানার সামনে গিয়ে শ্রমিকদের সঙ্গে দাবি দাওয়া ও পাওনাদি পরিশোধের বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফেরার পথে কারখানার কাছে প্রতিপক্ষ অপর একটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে শহীদুলসহ চার শ্রমিক নেতা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে গেলে শহীদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কল্পনা আক্তার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গী পশ্চিম থানা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুলসহ ছয় জনকে এজাহার নামীয় আসামি করা হয়। তাদের মধ্যে তিন আসামিকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

সবশেষ রবিবার বেলা সাড়ে ১১টায় মামলার ৩ নম্বর আসামি শ্রমিকনেতা রাসেলকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। মামলাটির ছয় নম্বর আসামি হানিফকে রবিবার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিন আসামির কেউ এঘটনার দায় স্বীকার করেননি বলে জানান তিনি। মামলাটি বর্তমানে শিল্প পুলিশ তদন্ত করছে।

প্রেসব্রিফিংয়ে জিএমপি’র অতিরিক্ত উপ-পুলশ কমিশনার হাফিজুল ইসলাম, জিএমপি’র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান ও মেহেদী হাসান দিপু, গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেনসহ জিএমপি’র দক্ষিণ বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর