স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে স্বর্ণালংকার ব্যবসার আড়ালে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক জুয়েলারি ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে স্থানীয় অন্তত ১০ জন ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক টঙ্গী পূর্ব থানায় একাধিক লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ব্যবসায়ীর নাম আশরাফ হোসেন শান্ত। তিনি টঙ্গীর এরশাদ নগর ৫ নম্বর ব্লকে অবস্থিত ‘শান্তা জুয়েলার্স’-এর মালিক।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের ব্যবসায়িক সুসম্পর্ক ও বিশ্বাসের সুযোগ নিয়ে শান্তা জুয়েলার্সের মালিক আশরাফ হোসেন শান্ত বিভিন্ন সময়ে অলংকার তৈরির কথা বলে গ্রাহকদের কাছ থেকে কাঁচা সোনা ও নগদ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী পাওনা স্বর্ণালংকার কিংবা নগদ টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন।
এক ভুক্তভোগী মো. আব্দুল আজিজ (৩৭) জানান, ব্যবসার খাতিরে তাকে সোনা ও নগদ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দিনের পর দিন ঘুরেও তিনি পাওনা মেটাচ্ছেন না। সর্বশেষ গত ১৪ মে তিনি আমার পাওনা ফেরত না দিয়ে উল্টো দোকান থেকে তাড়িয়ে দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, আইনি পদেক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার কমিটিকে বিষয়টি জানানো হয়েছিল। বাজার কমিটি কয়েক দফায় আপস-মীমাংসার উদ্যোগ নিলেও অভিযুক্ত শান্ত নির্ধারিত সময়ে পাওনা ফেরত দেননি। উল্টো পাওনাদাররা দোকানে গেলে দুর্ব্যবহার ও বিভিন্ন হুমকির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে ব্যবসায়ীরা তাদের গচ্ছিত সোনা ও মূলধন হারিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভুক্তভোগীদের পাওনা উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।