মো: জাফর আলী :: গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন ও আশপাশের এলাকায় র্যাব-১ পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম এবং সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক র্যাব সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টঙ্গী পূর্ব থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা ও এর আশপাশ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মাদকদ্রব্যের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম জানান, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ১১ জনকে আটক করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।