স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে খুন হওয়া চাঞ্চল্যকর রিফাত হত্যার মামলার পলাতক আসামি সিয়ামকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আসামি সিয়াম আহম্মেদ (১৯) ময়মনসিংহ জেলার মৃত মঞ্জু মিয়ার ছেলে। রবিবার রাতে র্যাব-১ এর সদস্যরা তাকে আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে র্যাব-১, সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আসামি সিয়াম আহম্মেদ তাহার সহযোগী অন্যান্যরা ভুক্তভোগী রিফাত মোল্লা (২২)-কে হত্যা করেছে মর্মে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নিকট থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১৭ জুন ঈদ-উল-আজহার দিন সন্ধ্যা ৬টা সময় রিফাত মোল্লা (২২) তার ফুফুর বাসা থেকে কোরবানির গরুর মাংস নিয়ে মা মোছলিমা আক্তারের বর্তমান বাসা-আদর্শ পাড়া বড়দেওড়া, মকবুলের বাড়ি, থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুরে যান। একই দিন রাত সাড়ে ৮টায় রিফাত মোল্লা বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশে তার মায়ের বাসা থেকে বের হন।
একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টায় সময় মায়ের সঙ্গে মোবাইলে তার সর্বশেষ কথা হয়। পরে একই তারিখ রাত ১০টার পর রিফাত মোল্লার মোবাইল ফোন বন্ধ পায়। তাহার মা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। গত ১৮ জুন বিকেল ৪টার সময় ভিকটিমের বন্ধু-বান্ধবের মাধ্যমে ভিকটিমের মা সংবাদ পান যে, তার ছেলেকে কে বা কারা হত্যা করে লাশ গুম করার জন্য টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা ব্রিজের নিচে তুরাগ নদে ফেলে দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ভিকটিমের মা মোছলিমা আক্তার টঙ্গী পশ্চিম থানায় একটি এজাহার দায়ের করেন। এই মামলায় ছায়া তদন্ত করে সিয়ামকে গ্রেপ্তার করে।