স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় ট্রাফিকের কাজ করার সময় মাদক কারবারিদের হামলায় ইয়ুথ রেভ্যুলুশনের ১০ স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের স্বেচ্ছাসেবীরা টঙ্গী বাজার এলাকায় ট্রাফিকের কাজ করছিল। এসময় মহাসড়কের পাশে থাকা মাদকাসক্ত ও মাদক কারবারি দেখে স্বেচ্ছাসেবীরা প্রতিবাদ করেন। এতে মাদকাসক্তরা সংঘবদ্ধ হয়ে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের স্বেচ্ছাসেবীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢামেক হাসপাতাল ও আরো ২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মহাসড়কে ট্রাফিকের কাজ করার সময় মাদক সেবনকারীদের আক্রমণে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলুশনের ৬/৭ জন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।