স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে পেটের সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে ফেন্সিডিল পাচারের সময় চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্ত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) রাকিব হাসান।
গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী নতুন বাজার এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলাকালে টঙ্গী থেকে নরসিংদীগামী সড়কে একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”