স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর ভরাণ এলাকায় পিমকি এ্যাপারেলস কারখানার শ্রমিকদের বেতন ও ওভারটাইমের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। এ সময় শ্রমিকরা প্রতিষ্ঠান ভাঙচুর করে ঢাকা-মংমনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। আজ বুধবার সকাল থেকে ১০টা এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে শ্রমিকরা ওভার টাইমের জন্য বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিল। এরই মধ্যে প্রতি মাসের সাত তারিখ বেতন দেওয়ার কথা থাকলেও একদিন পর বেতন দেওয়া হয়। বেতন দেরিতে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখায়। এক পর্যায়ে শ্রমিকরা ওভার টাইম ও যথাসময়ে বেতন দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলন চলাকালে বুধবার শ্রমিকরা কারখানার ভেতরে ভাঙচুর শুরু করলে পুলিশ বাঁধা দেয়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে টঙ্গীর সেনাকল্যান ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশি বাঁধায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে পারেনি। এতে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠি চার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, সার্ভারে ত্রুটি থাকার কারণে শ্রমিকদের বেতন দিতে একদিন পিছিয়ে। এই নিয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করলে আরো বেশ কিছু দাবি দাওয়া সামনে আনে। শ্রমিকরা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে পুলিশ শান্ত করার চেষ্টা করে। এদিকে পরিস্থিতি অনুকূলে না থাকায় কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার থেকে অনির্দিষ্টিকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বর্তমানে কলকারখানা অধিদপ্তর টঙ্গীতে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য অবস্থান করছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানান।