স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে এ কর্মসূচি পালন করে।
জানা যায়, শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন। পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে পারছি না এবং বাসা ভাড়াও দিতে পারছি না। তাই আমরা অনেক কষ্টে আছি। এ বিষয়ে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া বলেন, শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আগামী ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সাথে বসে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারী শ্রমিকদের জানিয়ে দেয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহার করে চলে যান।