স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা শেরে বাংলা রোড এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হচ্ছে, টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হজরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।
ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে তারা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে বলে তিনি জানান। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের আটক দেখানো হয়েছে।