স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নাজনীন ভূঁইয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার টঙ্গীর গাজীবাড়ি পুকুড়পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আবুল কাশেমের মেয়ে এবং টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের ৮ম তলায় মা-বাবার সঙ্গে বাস থাকত নাজনীন। তার মা অজুফা আলী মুক্তা একজন আইনজীবী। সে ওই দম্পতির একমাত্র সন্তান। একই ভবনের পাঁচ তলায় থাকেন তার মামা। মঙ্গলবার তার বাবা-মা বাইরে গেলে দুপুরে তার মামি মারিয়া জাহান নাজনীনকে ডাকতে আসেন। এ সময় কক্ষের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকদের ডাকেন। পরে কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সাথে নাজনীনের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।