মোঃ জাফর আলী:: গাজীপুর মহানগরীর ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদে তিনি সংবাদমাধ্যম ও থানায় দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান। আজ শুক্রবার এক প্রতিবাদ সভায় আব্দুল খালেক মিয়া বলেন, গত ২১ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ‘টঙ্গীতে যুবদলের সাইনবোর্ডে অন্য অফিস দখল করে চলে মাদকের কারবার’ শিরোনামের সংবাদে তার বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। আমি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্যতা যাচাই না করে ভুল তথ্য দিয়ে একজন রাজনৈতিক কর্মীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা অত্যন্ত দুঃখজনক।
এ সময় ৪৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল) বলেন, আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলের নেতাকর্মীদের বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপপ্রচার চালিয়ে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড থামানো যাবে না। সংবাদ সম্মেলনে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মনসুর (টুটুল), স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ, ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।