স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় মিরাশপাড়া এলাকায় এসি বিস্ফোরণে চারজন দ্বগ্ধ হয়েছেন। দ্বগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- এসি মিস্ত্রি রবিন (১৮), আলমগীর (৩৪) ও মো. রফিক (৩২)। অপর একজন কারখানার দারোয়ান সোহাগ (৩৬)।
জানা যায়, পাগাড় মিরাশপাড়া এলাকায় সন্ধ্যায় পেট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসোরিজ লিমিটেড পোশাক কারখানার ছাদে এসি মেরামত করছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে বিস্ফোরণ ঘটে। এতে চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিন, সোহাগ ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুর শহীদ জানান, তিনজনের শরীরে বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই তিনজনকে ঢামেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, একটি কারখানায় এসি বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে। বাকীদের ঢাকায় প্রাঠানো হয়েছে।