October 3, 2026, 9:53 pm

টঙ্গীতে এডভোকেট জালালের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এলাকাবাসীর ঝাড়ু মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, October 3, 2026
  • 1 জন দেখেছে

মোঃ জাফর আলীঃ গাজীপুর মহানগরের টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের আন্দারুল এলাকায় এডভোকেট জালাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এডভোকেট জালাল। তার দাবি, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) আন্দারুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘শান্তিপ্রিয় ওটিয়াবাসী’র ব্যানারে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ওটিয়াবাসী এক হও, সন্ত্রাসকে রুখে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ঝাড়ু, জুতা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এডভোকেট জালাল দীর্ঘদিন ধরে আন্দারুল এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে চাঁদা দাবি করে আসছেন। বালু ভরাট, বাড়ি নির্মাণ, এলাকায় গাড়ি চলাচল এবং মাছ ধরার নৌকা চলাচলসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তার পক্ষ থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করা হয়। এ ছাড়া মামলা-বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন তারা।
মানববন্ধনে বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এডভোকেট জালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে এডভোকেট জালালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমার পারিবারিক জায়গা-জমি নিয়ে মামলা-মোকদ্দমা রয়েছে। সেই বিরোধের কারণেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।’ তিনি আরও দাবি করেন, অভিযোগকারীদের কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযোগগুলোর সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর