স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। আজ সোমবার বাউবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হলে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। তরুণদের অপপ্রচার ও প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সততা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান উপাচার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শোষণ-বঞ্চনা, স্বৈরাচার, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ। ফ্যাসিবাদের পতনের মধ্যেই সংগ্রামের সমাপ্তি নয়; ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।
বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিএম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মো. আবু তালেব, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী এবং বাউবির আইনের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোদাচ্ছির হোসেন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে জুলাই জাগরণী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলসংলগ্ন স্থানে দিনব্যাপী জুলাই গণআন্দোলন-২০২৪-এর তাৎপর্য তুলে ধরে প্রায় ১৫টি গ্রাফিতি ও ৪০টি প্ল্যাকার্ড নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।