নিজস্ব প্রতিবেদক :: ‘সব মানুষ ইতিহাস হয়, সব মানুষ কিংবদন্তী হয়। কিন্তু কালের কণ্ঠ হয় খুব কম মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন কালের কণ্ঠ।’ জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। আজ রবিবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কনকচাঁপা বলেন, ‘আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন কালের কণ্ঠ। আমাদের শহীদ প্রেসিডেন্ট একজন সত্যিকারের অভিভাবক। দেশের কৃষকের জন্য যেমন তার দৃষ্টি ছিল আলাদা। তেমনি শিশুদের জন্য তার দৃষ্টি ছিল আলাদা।
বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আবারও রাজনীতিতে সরব হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হন তিনি।
তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় কনকচাঁপা নির্বাচনী প্রচার চালাতে পারেননি। শেষ পর্যন্ত এলাকায় যেতে না পেরে তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কনকচাঁপা নিজ এলাকায় ফিরে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন।