July 28, 2026, 6:38 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. নাজমুল হোসাইনের যোগদান

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। আজ মঙ্গলবার গাজীপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এরপর ভাইস-চ্যান্সেলর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪(১) ও (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের মর্যাদাপূর্ণ কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. হোসাইনের গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ (কনজিউমার বিহেভিয়ার) এবং মার্কেটিং। দেশি-বিদেশি খ্যাতিমান জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বুক চ্যাপ্টার (বইয়ের অধ্যায়) প্রকাশিত হয়েছে।

কর্পোরেট জগৎ ও একাডেমিক সেক্টরের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরির লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চতর একাডেমিক চর্চার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ছাড়াও অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর