July 23, 2026, 9:05 am

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

Reporter Name
  • আপডেট Saturday, March 14, 2026
  • 111 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু পরলোকগমন করেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শামিমা সাত্তার মিমু ছিলেন দেশের অ্যাথলেটিক্স জগতের অন্যতম সফল ব্যক্তিত্ব। জাতীয় অ্যাথলেটিক্সের হাইজাম্পে তিনি দীর্ঘদিন আধিপত্য ধরে রেখেছিলেন। হাইজাম্পের পাশাপাশি স্প্রিন্টেও তিনি একাধিক পদক জয় করেন। ক্রীড়াক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তাঁকে মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।
খেলোয়াড় জীবন শেষে তিনি ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক হিসেবেও নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দক্ষ প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ভার্টিগোজনিত সমস্যায় ভুগছিলেন এই কিংবদন্তি অ্যাথলেট। কয়েক মাস আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁকে দিনাজপুরে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হবে। এ উদ্দেশ্যে তাঁর মরদেহ ঢাকা থেকে দিনাজপুরে নেওয়া হয়েছে।
শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কোচ এবং অ্যাথলেটরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর