স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার বিকেল ৩টায় কালিয়াকৈর বাজারের ডাকবাংলো সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মাহমুদ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, কালিয়াকৈর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তাদের পাশে দাঁড়াতে হবে। দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার এবং সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, সুবির আহমেদ কছিমসহ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। বর্ধিত সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি সফল করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।