স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাহিমুন উদ্দিন নোমানকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো.আসাদুজ্জামান আসাদ। এ ঘটনায় ছাত্রদলের নেতা নোমান গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে গাছা থানা এলাকা কুনিয়া তারগাছ তালেব মার্কেট পাশ্বে ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের অফিসে নাহিমুন উদ্দিন নোমানকে সাবেক বিএনপির নেতা মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এক দল আওয়ামী সন্ত্রাসী গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোঠা, সুইস গিয়ার ও চাপাতীসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাতি নিয়ে অফিসে হামলা চালায়। হামলার ঘটনায় ছাত্রদলের নেতা নোমান বাদি হয়ে গাছা থানায় গাছা থানার সাবেক বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদকে নাম্বার আসামি করে কয়েকজনের নাম উল্লেখ একটি অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে গাছা এলাকায় আধিপত্য বিস্তার করতেই সাবেক এই বিএনপির নেতা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় গাসিক ৩৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাহিমুন উদ্দিন নোমান জানান, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ছাত্রদলের অফিসে এসে হামলা করে এবং সুইস গিয়ার দিয়ে আমার গলায় চাপ দেয় ও মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরো বলেন, উল্লেখিত আসামিরা চাঁদাবাজ, মাদকাসক্ত, মাদক বিক্রেতা, ভূমিদস্যু প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছে। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা এবং মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় গাছা থানার অফিসার ইনচার্জ রাশেদ জানা, দু’পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।