September 20, 2026, 7:01 pm

চল্লিশ বেদে পরিবারকে খাস জমি দিল ঢাকা জেলা প্রশাসন

Reporter Name
  • আপডেট Tuesday, September 8, 2026
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার ধামরাই উপজেলার সুবিধাবঞ্চিত ৪০টি বেদে পরিবারকে খাস জমি দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। পাশাপাশি বেদে সম্প্রদায়ের ২৫ জনকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এসব সহায়তা হস্তান্তর করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।
তিনি বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকার সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার খালি জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনে উৎসাহিত করা হচ্ছে।
সহায়তা পাওয়া বেদেপল্লির বাসিন্দা পূর্ণিমা আক্তার বলেন, ‘সেলাই মেশিন পেয়েছি। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব। আগে থেকেই কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকায় কাজ করতে পারতাম না। এখন করতে পারব।’
হেনা নামে আরেক বাসিন্দা বলেন, ‘এত কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। ঘরবাড়ি দিয়েছেন, মেশিন দিয়েছেন, রাস্তাও করে দিয়েছেন। এর আগে অনুদানও দিয়েছেন। কী আর চাইব! চাওয়ার আগেই পেয়েছি।’ অনুষ্ঠান শেষে বেদেপল্লির বাসিন্দাদের পক্ষ থেকে জেলা প্রশাসক ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর