মো: আক্তার হোসেন ডালি :: গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি’র নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা ঘিরে টঙ্গী পূর্ব থানায় রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। একইসঙ্গে গাজীপুর মহানগর জাতীয় পার্টির প্রভাবশালী নেতা মোঃ সাইফুল ইসলাম খানের নেতৃত্বে দেড় থেকে দুই হাজার সমর্থকের বিএনপিতে যোগদানকে ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি মসজিদ রোডে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি শরাফত হোসেন এবং টঙ্গী পূর্ব থানার প্রভাবশালী নেতা মোঃ ফরিদুল আজিজ স্বপন। সভায় টঙ্গী পূর্ব থানার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তারা আশা প্রকাশ করেন—এই গণজোয়ার নির্বাচনী মাঠে ধানের শীষের বিজয়কে আরও নিশ্চিত করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত। সার্বিক ব্যবস্থাপনায় ছিল টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মোঃ নোয়াব আলী। সুশৃঙ্খল আয়োজন ও ব্যাপক জনসমাগম সভাটিকে এক শক্তিশালী রাজনৈতিক বার্তায় রূপ দেয়। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রচারণা আরও জোরদারের আহ্বান জানানো হয়।