স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। কর্মশালায় নির্বাচনী (সিটি কর্পোরেশন) আইন ও বিধিমালার বিষয়ে কর্মকর্তাদের সম্যক ধারণা দেওয়া হয়। নির্বাচনী আচরণ সংক্রান্ত কমিশনের নির্দেশনাবলী বাস্তবায়নে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পাঁচটি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম গাজীপুর সিটি কর্পোরেশনকে বেছে নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে একে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার কঠোর নির্দেশনা প্রদান করেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় স্থানীয় নির্বাচন অফিসার অথবা ক্ষেত্র বিশেষে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে পরিচালনার নির্দেশনা দেন। ভোটদানের জন্য ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় নিশ্চয়তামূলক পরিবেশ সৃষ্টির জন্য পুলিশের নিবিড় টহলের নির্দেশ দেন। তিনি সকল এলাকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণসহ বেআইনী অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশনা দেন।